Tuesday, 17 May 2016

Bengali Snacks






** আলুর লুচি **

আলুর পরোটা তো বানিয়ে খেয়েছেন, কিন্তু আলুর লুচি বানিয়ে খেয়েছেন কি ?

নিরামিষ ভাবে পেঁয়াজ রসুন ছাড়া আলু সেদ্ধ আর অল্প কিছু উপাদান দিয়েই ঝটপট তৈরি করে ফেলুন দারুণ স্বাদের আলুর লুচি l

নতুন রাঁধুনী দের জন্য খুব সহজ ভাবে রেসিপির বিবরণ দিলাম l

কীভাবে বানাবেন ধাপে ধাপে ফটো দিলাম সুবিধার জন্য l

উপকরণ :

সিদ্ধ আলু - ১/৩ কাপ,
ময়দা - ১/২ কাপ,
সুজি - ১/৩ কাপ,

জিরে গুঁড়ো - ১/৪ চা চামচ,
ধনে গুঁড়ো - ১/৪ চা চামচ,
হিং - ১/৪ চা চামচ,
হলুদ - ১/৩ চা চামচ,
আদা বাটা - ১/২ চা চামচ,
নুন -  স্বাদ মত,
রিফাইন্ড তেল - ২ চা চামচ (গরম),
বেকিং সোডা - ১/৪ চা চামচ( না দিলেও হবে),
জল - প্রয়োজনমত,

রিফাইন্ড তেল - আলুর লুচি ভাজার জন্য

প্রণালিঃ

একটি পাত্রে সিদ্ধ আলু, ময়দা, সুজি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হিং, হলুদ, আদা বাটা, স্বাদ মত নুন, গরম তেল, বেকিং সোডা( না দিলেও হবে) দিয়ে ভাল করে ময়ান দিন / জল ছাড়া শুকনো শুকনো করে মেখে নিন l




ময়ান দেওয়া হলে প্রয়োজনমত জল দিয়ে শক্ত , টানটান করে মেখে রেখে দিন ১/২ ঘণ্টা l






১/২ ঘণ্টা পর সম্পূর্ন মাখা ডো থেকে কয়েকটা বড় লেচি কেটে নিন l



প্রথম পদ্ধতি  (নতুন রাঁধুনী দের জন্য) -

ঐ লেচি থেকে বড় পাতলা রুটি বানিয়ে নিন l সামান্য তেল বুলিয়ে রুটি বেলতে হবে l

ঐ বড় পাতলা রুটির ওপর গোল কিছু ( লুচির আকারে) বসিয়ে ছোট ছোট আকারে লুচি কেটে নিন l

ঐ ছোট ছোট আকারে আলুর লুচি গুলো গরম তেলে ভাল করে ভেজে তুলুন।

দ্বিতীয় পদ্ধতি -

ডো থেকে, পরিমান মতো ডো নিয়ে একটু ছোট করে লুচি বানিয়ে নিন। এবার সাবধানে সামান্য তেল বুলিয়ে আলুর লুচি বেলে নিন ।



বেলা হয়ে গেলে ডুবো তেলে প্রতিটি আলুর লুচি লালচে করে ভেজে তুলুন।





চায়ের সাথে বা তরকারী বা আলুর দম, চাটনি বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন আলুর লুচি l

** সুজি শুকনো কড়ায়ে অল্প ভেজে নিয়েও দিতে পারেন, কাঁচা সুজিও দিতে পারেন l আমি কাঁচা সুজি দিয়েছি l

** কাঁচা হিং রসুনের স্বাদের অনুরূপ l কিন্তু যখন হিং রান্না করা হয় তার স্বাদ বৃদ্ধি হয় l নিরামিষ রান্নায় হিং ও আদার রস মেশালে পিঁয়াজ এর সুগন্ধ আসে l

** বেকিং সোডা /খাবার সোডা / সোডিয়াম বাই কার্বনেট -

কিছু রান্না করার সময় খাবার সোডা দিতে পারেন l এতে খাবার তাড়াতাড়ি সেদ্ধ হয়। এ ছাড়া কোনো কোনো খাদ্যসমগ্রী ফোলানো কিংবা ফাঁপানোর জন্যও রান্না করার সময় ব্যবহার করা হয়।

** রুটি তৈরির আটা নরম করে মাখবেন l আবার লুচি, পরোটার জন্য ময়দা/আটা স্বাদ মতো নুন, গরম তেল দিয়ে ভাল করে ময়ান দিয়ে টানটান করে মাখতে হবে l

** ডো কি ?

সব উপকরণ মিলিয়ে যে ময়দা/আটা মাখা হয় সেই ময়দা /আটার মাখা তাল, খামির কে, যেটা থেকে লেচি কেটে, বেলে রুটি/লুচি তৈরি করা হয়। ইংরেজিতে তাকে ডো (Dough) বলা হয় l

** ময়ান কি ?

ময়দা, আটা, স্বাদ মতো নুন, গরম তেল দিয়ে ভাল করে জল ছাড়া যখন শুকনো শুকনো মাখা হয় তাকে ময়ান দেওয়া বলা হয় l

---------------------------------------------------------------
** একটা রান্নার বিভিন্ন ধরন আছে, অনেক রকম ভাবে বানানো যায় l

** আমি নিজের পছন্দ বানিয়েছি আপনারা নিজের পছন্দ মতন উপকরন, মশলা নেবেন, নিজের স্বাদ ও পছন্দ মতন বানাবেন l

রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l

https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks


---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ------------